হাত-পা বেঁধে জিম্মি করে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট
নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় প্রকৌশলীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ক্যামেরাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার ভোররাতে পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস ও তারভাই ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে ৬-৭ জনের একটি ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস জানান, ভোররাতে ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
