বিতর্কে মেলানিয়া ট্রাম্প
অনলাইন ডেস্ক
ইউক্রেনীয় শিশুদের অন্যায়ভাবে স্থানান্তরিত করার অভিযোগ থাকা এক রুশ কর্মকর্তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর অভিযোগ উঠেছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে। ইউক্রেনের অধিকৃত ওলেশকি শহরে তিনি যে সাময়িক যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তা করেছিলেন, সে বিষয়ে এক বক্তব্য প্রদান অনুষ্ঠানে তিনি রাশিয়ার মানবাধিকার কর্মী ওম্বুডসম্যান ইয়ানা লান্ত্রাতোভা এবং পুতিনের শীর্ষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভকে স্বাগত জানান।
গত মাসে রাশিয়া ও ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির ফলে অবরুদ্ধ বেসামরিক নাগরিকরা মুক্ত হওয়ার সুযোগ পায় এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হয়। গত বৃহস্পতিবার মেলানিয়া ট্রাম্প যুদ্ধরত উভয় পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।
তবে যুক্তরাষ্ট্রে উপস্থিত রুশ প্রতিনিধিদলের মধ্যে ইয়ানা লান্ত্রাতোভার উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ, তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। ইউক্রেনের দাবি, দেশটির শিশুদের জোরপূর্বক নির্বাসনে পাঠানো এবং পদ্ধতিগতভাবে স্থানান্তরের পেছনে তিনি মূল ভূমিকা পালন করেছিলেন। ২০২২ সালে এই যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন সরকার তাকে নিষেধাজ্ঞাভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, যার ফলে আমেরিকায় প্রবেশ করতে তার বিশেষ মওকুফ বা অনুমতিপত্রের প্রয়োজন হয়।
এই ঘটনার তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা লুইস মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ফার্স্ট লেডি কেবল ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় অপহরণকারী এই যুদ্ধাপরাধীকে হোয়াইট হাউসে আমন্ত্রণই জানাননি, বরং তাকে সম্মানিত ও প্রশংসিত করছেন। এটি অত্যন্ত ঘৃণ্য।
অনুষ্ঠানে কিরিল দিমিত্রিভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং লিয়া নামের এক ১১ বছর বয়সী শিশুর আঁকা একটি ছবি তার হাতে তুলে দেন। দিমিত্রিভ দাবি করেন, শিশুটি রাশিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছে। ছবিতে লেখা ছিল, আই লাভ মেলানিয়া।
সূত্র: দ্য টেলিগ্রাফ
