আইসিসিবিতে চলছে কৃষিপ্রযুক্তি মেলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা। গতকাল আইসিসিবির নবরাত্রি হলে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আইসিসিবির ৩ ও ৪ নম্বর হলসহ মোট তিনটি হলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে উৎপাদন খরচ কমানো এবং কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে ১২টি দেশের প্রায় ২০০টি কোম্পানি। মেলায় রয়েছে ৪৭৩টি স্টল। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় আধুনিক কৃষিপ্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ, সেচব্যবস্থা, বীজ, সার ও কৃষিযন্ত্রের পাশাপাশি তথ্যনির্ভর কৃষিব্যবস্থাপনার নানা উদ্ভাবন তুলে ধরছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো। তুরস্ক, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি দেশের প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। মেলা চলবে আগামীকাল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার বিকল্প নেই। কৃষির উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানো এখন সময়ের দাবি। এ জন্য কৃষির প্রতিটি পর্যায়ে প্রযুক্তি ও তথ্যের ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর একটি দেশ। আমরা যারা রাজনীতি করি, দেশ পরিচালনা করি, তারা মুখে বলি কৃষি আমাদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু কৃষি, কৃষক এবং কৃষি নিয়ে যারা গবেষণা করেন, তাঁদের জন্য আমরা কতটুকু করেছি, তা ভাববার সময় এসেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহাম্মেদ এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আবদুল মজিদ প্রামাণিক।

এবারের মেলায় আধুনিক কৃষির গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রিসিশন অ্যাগ্রিকালচার বা নির্ভুল কৃষি ব্যবস্থাপনা। এ পদ্ধতিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জমির প্রতিটি অংশের চাহিদা অনুযায়ী সার, পানি, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রয়োগ করা হয়। অর্থাৎ সঠিক সময়ে, সঠিক স্থানে এবং সঠিক পরিমাণে উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও অপচয় কমানোই এ ব্যবস্থার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights