ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডের ভেন্যু পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। দিল্লির পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিসাখাপাত্নামে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। ২০২৩ বিশ্বকাপের পর দিল্লিতে এটিই হওয়ার কথা ছিল প্রথম ওয়ানডে। তবে সম্ভাব্য বৈরী আবহাওয়ায় খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অরুণ জেটলি স্টেডিয়ামে সংস্কারকাজের পরিকল্পনা থাকায় ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ডিডিসিএ।
ডিসেম্বরে দিল্লিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৭ সালে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল ভারত। বায়ুদূষণের কারণে ওই ম্যাচে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারকে মাস্ক পরে ফিল্ডিং করতে দেখা যায়।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৯ ডিসেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের পর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ম্যাচগুলো হবে রাজকোট, কাটাক ও পুনেতে।
বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলঙ্কা। সেখানে আগামী ৯ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অন্যদিকে, ভারত এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এরপর কিউইদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে দলটি।
