ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত

অনলাইন ডেস্ক
ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ মার্কেটে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে নিহত ও আহতের সংখ্যা আলাদাভাবে জানা যায়নি। শুক্রবার হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, হতাহতের এই সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া গেছে। মার্কেটটিতে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের মরদেহ উদ্ধারের কাজ শেষ না হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, উদ্ধার অভিযান চলার সময়ও ঘটনাস্থলের আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছিল।

এদিকে, ইয়েমেনের রাজধানী সানার হামদান এলাকায়ও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল-মাসিরাহ। ওই এলাকায় দুটি কূপ লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সময়ে সা’দা প্রদেশের মাজ জেলাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

এ ছাড়া সৌদি আরবের সীমান্তসংলগ্ন সা’দা প্রদেশের অন্যান্য জেলায় কামানের গোলা ও রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরানপন্থি হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত আরও তীব্র হয়েছে। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

অন্যদিকে, শুক্রবার পবিত্র মক্কা অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights