তিন মোটরসাইকেলে এলেন ছয়জন, মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি

অনলাইন ডেস্ক
কক্সবাজারের খরুলিয়ায় মাইক্রোবাসের গতিরোধ করে প্রকাশ্যে গুলি ছুড়ে এক ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে তিন মোটরসাইকেলে আসা ছয় আরোহী।

শুক্রবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৪৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

চিকিৎসাধীন মাহমুদুল হক জানান, বাসা থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাসে করে রামুর দিকে যাচ্ছিলেন তিনি। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার মাইক্রোবাসের গতিরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে একে একে তিনটি গুলি ছোড়া হয়। একপর্যায়ে মাথায় গুলি করার চেষ্টা করা হলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হামলাকারীদের মধ্যে লিংকরোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে চিনতে পেরেছেন বলে দাবি করেন মাহমুদুল।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‌‘আমাদের টিম সেখানে কাজ করছে। আমরা একটি মোটরসাইকেল জব্দ করেছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমরা ঘটনার তদন্ত করছি। ভুক্তভোগীর বক্তব্য সংগ্রহ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights