শ্রমমন্ত্রী আরিফুল হককে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী
সিলেট ব্যুরো
চিকিৎসাধীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে হাসপাতালে গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার বিকেলে তাকে দেখতে সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী।
এ সময় তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তারা হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গেও কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে দুপুর সোয়া ১টার দিকে তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আরিফুল হক চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছু পরীক্ষার রিপোর্ট এসেছে, বাকি পরীক্ষাগুলো সন্ধ্যার পর হবে। সেগুলো দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু পর্যালোচনার পর চিকিৎসকেরা যে পরামর্শ দেবেন, সে অনুযায়ী চিকিৎসা চলবে। স্বস্তির বিষয়, তিনি এখন কিছুটা সুস্থ আছেন।
