হামজা এলে দলের মোমেন্টাম বদলে যাবে: ইব্রাহিম

অনলাইন ডেস্ক

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে ক্লাবের ব্যস্ততার কারণে এখনো দলের সঙ্গে যোগ দেননি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। তাঁকে দলে পেলে বাংলাদেশের শক্তি আরও বাড়বে বলে মনে করেন ভুটানের বিপক্ষে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম। তাঁর মতে, হামজা দলে ফিরলে পুরো দলের মোমেন্টাম বদলে যাবে।

বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি করেন ইব্রাহিম। এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে তিন পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিকেরা।

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মন জানিয়েছিলেন, ভুটানকে হারিয়ে হামজার সাফে পথচলা সহজ করতে চান তাঁরা। পাশাপাশি শিরোপা পুনরুদ্ধারের অভিযানও জয় দিয়ে শুরু করতে চেয়েছিল দল।

হামজার আগামী রোববার অথবা সোমবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই মিডফিল্ডারের।

শুক্রবার সন্ধ্যায় এবিজে ফুটবল গ্রাউন্ডে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। শনিবার থেকে শুরু হবে শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি। এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইব্রাহিম।

হামজার দলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যারা বাইরে আছে, ওরা এলে অবশ্যই আমাদের দল শক্তিশালী হবে। আপনারা সবাই জানেন, হামজা ভাই এলে অবশ্যই দলের মোমেন্টাম সব বদলে যাবে।’

ভুটানের বিপক্ষে জিতলেও নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন ইব্রাহিম। ম্যাচের ভিডিও বিশ্লেষণের মাধ্যমে দুর্বলতাগুলো চিহ্নিত করে পরের ম্যাচের আগে সেগুলো নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ।

ইব্রাহিম বলেন, ‘গত ম্যাচে আমাদের ভুলত্রুটি হয়েছে। ওইটা নিয়ে কোচ এখনো ভিডিও বিশ্লেষণ করেননি। ভিডিও বিশ্লেষণের পরে বুঝতে পারব, আমাদের আসলে ভুলত্রুটিগুলো কোথায় ছিল এবং সেগুলো নিয়ে কাজ করব আমরা পরবর্তী ম্যাচের আগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights