মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দলটির সামনে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে পাকিস্তান। ফলে সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের অবস্থান আবারও শক্ত করেছে দলটি।
আজ রবিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা।
ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন মিকাইল অরুণ আব্দুল্লাহ। নিজেদের ডি-বক্সে আব্দুল্লাহকে ফাউল করায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদে কোনো ভুল করেননি তিনি।
এর পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। নবম মিনিটে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে মালদ্বীপের জালে বল পাঠান নাজিব উল্লাহ।
ম্যাচের ২৪ মিনিটে আবারও গোলের উৎসব করে পাকিস্তান। মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার কোনাকুনি শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন নাজিব উল্লাহ। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।
বিরতির পর ম্যাচে ফেরার আশায় একসঙ্গে তিনটি পরিবর্তন আনে মালদ্বীপ। মাঠে নামানো হয় আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে। তবে আক্রমণে গতি বাড়ালেও পাকিস্তানের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।
৫২ মিনিটে ফেদু ইব্বের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
উল্টো ৭১ মিনিটে পাকিস্তানের বদলি খেলোয়াড় শায়েক দোস্তের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। তবে তা কাজে লাগাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। মালদ্বীপের বিপক্ষে এই জয়ে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ পয়েন্ট। ফলে সেমিফাইনালে ওঠার আশা এখনো টিকে রয়েছে দলটির।
অন্যদিকে পাকিস্তানের কাছে হেরে কঠিন সমীকরণের মুখে পড়েছে মালদ্বীপ। আগামী ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
