খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বর্তমান প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি কর্মসূচি চালু করেছেন। এর মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠছে।

আজ রবিবার বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। একসময় মানুষ টিকিট কেটে ফুটবল খেলা উপভোগ করত। পাড়া-মহল্লায় ছিল অসংখ্য ফুটবল ক্লাব। কিন্তু বর্তমানে অনেক ক্লাবই বিলীন হয়ে গেছে। তাই খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে পাড়া-মহল্লায় ক্লাব গড়ে তুলতে হবে। ভাড়াটিয়া খেলোয়াড় দিয়ে মাঠে না খেলিয়ে স্থানীয় খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে হবে। এতে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ তৈরি হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্ত এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উল্লাপাড়া উপজেলা একাদশ ও সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিযোগিতায় জেলার ১০টি উপজেলা অংশগ্রহণ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ অন্যান্য অতিথি বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights