রংপুরে ভোটাধিকারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
আইনজীবীদের ভোটাধিকার হরণসহ বৈষম্যমূলক আইন বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবীদের উদ্যোগে আদালত চত্বরে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম। অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট বায়েজিদ ওসমানী।
এছাড়া অ্যাডভোকেট মোকসেদুল হক ও অ্যাডভোকেট এম এন লাভলুসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, অবিলম্বে সার্বজনীন ভোটাধিকারসহ সব বৈষম্যমূলক কালো আইন বাতিলের দাবি জানান। আগামী ৩ দিনের মধ্যে দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
