হরমুজ প্রণালিতে ‘তেল পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

ফাইল ছবি

হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে তেল পাচার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের দাবি, শত্রুপক্ষের নৌ-চলাচল সহায়ক ব্যবস্থা ধ্বংস করার পর ওই পথে আর কোনো জাহাজ প্রবেশ করতে পারেনি।

সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে আইআরজিসি নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানান।

নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের পাথুরে এলাকায় শত্রুপক্ষের নৌ-চলাচল নির্দেশক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এর ফলে গত রাতে কোনো জাহাজ ওই নিষিদ্ধ পথে প্রবেশ করতে পারেনি। একই সঙ্গে ওই পথে তেল পাচারের প্রবাহও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। পাশাপাশি প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিজেদের নির্ধারিত নৌপথ ব্যবহারের নির্দেশ দেয় দেশটি।

এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিরাপত্তা পাহারায় জাহাজ থেকে জাহাজে তেল ও গ্যাস স্থানান্তরের মাধ্যমে পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

তবে এ ধরনের জাহাজ চলাচলকে ‘লঙ্ঘনকারী’ হিসেবে আখ্যা দিয়ে একাধিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। গত অক্টোবর মাসে এ ধরনের হামলার সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছায়।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights