নিউজিল্যান্ডের বিপক্ষে নেই লাবুশেন

দক্ষিণ আফ্রিকায় বাজে পারফরম্যান্সের পর আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে মারনাস লাবুশেনকে বাদ দেওয়া হয়েছে। প্রথম টেস্টের এখনো দল ঘোষণা করা না হলেও, নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি আপাতত লাবুশেনকে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন।

খারাপ ফর্ম সত্ত্বেও অস্ট্রেলিয়ান নির্বাচক এবং অধিনায়ক প্যাট কামিন্স মারনাস লাবুশেনের ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু তিনি সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। প্রোটিয়াদের বিপক্ষে সফরে তিনি একবারও ৫০ রানের গণ্ডি স্পর্শ করতে ব্যর্থ হন। বারবার সুযোগ পাওয়ার পরও, শেষ পর্যন্ত তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি গণমাধ্যমকে জানিয়েছেন, কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য তারা মারনাস লাবুশেনকে বিবেচনায় নিচ্ছেন না। তিন নম্বর পজিশনে তার খেলা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। বেইলি মনে করেন, দল থেকে বাদ পড়ার এই সিদ্ধান্তটি লাবুশেনকে মানসিকভাবে চাপমুক্ত হতে এবং শেফিল্ড শিল্ডের পরবর্তী ম্যাচগুলোর মাধ্যমে নিজের সেরা ফর্মে ফিরে আসতে সাহায্য করবে।

মারনাস লাবুশেন বর্তমানে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনি একবারও ৪০ রানের কোটা পার করতে পারেননি। অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে তিনি অন্যতম ব্যর্থ ব্যাটার হিসেবে নিজেকে তুলে ধরেছেন। টানা ৪৯ ইনিংসে তার ব্যাট থেকে কোনো সেঞ্চুরি আসেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনি মোট ১৩১ রান করেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল ৩৯।

তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটি এসেছিল ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এর মাধ্যমে তিনি অ্যালিক ব্যানারম্যানের ৪৭ ইনিংসের দীর্ঘ সেঞ্চুরি-খরা বা দীর্ঘ সময় সেঞ্চুরি না পাওয়ার রেকর্ডটি ছাড়িয়ে গেছেন। মারনাসের ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে জর্জ বেইলি জানিয়েছেন, এই ব্যাটারের আবারও ‘ক্যাঙ্গারু’দের (অস্ট্রেলিয়া দল) হয়ে খেলার সুযোগ রয়েছে। বেইলির মতে, মারনাস অত্যন্ত দক্ষ ও কার্যকর একজন খেলোয়াড়, তবে তিনি তার সেরা ফর্মে খেলতে ব্যর্থ হয়েছেন। বেইলি চান ভারত ও ইংল্যান্ড সিরিজের আগেই তিনি দলে ফিরে আসুন।

তিনি বলেন, অবশ্যই, এখনও সুযোগ আছে। আমরা সবাই জানি, নিজের সেরা ফর্মে মারনাস কতটা ভালো ও কার্যকর হতে পারেন। কিন্তু সেই পারফরম্যান্স আমরা দেখতে পাইনি। আমার মনে হয়, ডারউইন এবং দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় তিনি ভালো শুরু পেয়েও বড় স্কোরে রূপান্তর করতে পারেননি। তবে আমরা কাউকে কখনোই স্থায়ীভাবে দলের বাইরে ঠেলে দিই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights