মেরামতের এক মাসের মাথায় সৌদি আরবের তেল পাইপলাইনে ফের হামলা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এক মাস আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই পাইপলাইনে হামলা চালিয়েছিল। মেরামতের পর আবারও হামলার শিকার হলো গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি। তবে এতে তেল সরবরাহ ব্যাহত হয়নি বলে জানিয়েছে সৌদি সরকার।

সোমবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার কারণে ছোট আকারের অগ্নিকাণ্ড ঘটলেও জরুরি সেবাদানকারী দল তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার পরপরই জরুরি উদ্ধারকর্মী ও প্রযুক্তিবিদদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জরুরি প্রক্রিয়া মেনে তারা স্থানটি নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি।

হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমাতে এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পাইপলাইনের মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহন করা হয়। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথ হলেও সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই বিকল্প পথটির গুরুত্ব অনেক বেড়ে গেছে।

গত মাসেও এই পাইপলাইনে হামলা হয়, যার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছিল। এরপর পাইপলাইনটি মেরামত করা হয়। সাম্প্রতিক এই হামলায় নতুন করে তেল রপ্তানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সর্বশেষ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বারবার এমন আক্রমণ এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তাহীনতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরব উপদ্বীপের মরুভূমির বুক চিরে ১২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এই পাইপলাইনটি তৈরি করা হয়েছে। গত সেপ্টেম্বরেও ড্রোন হামলার কারণে এটি কয়েক দিন বন্ধ ছিল। সৌদি আরব ওই হামলার জন্য ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরব এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠাচ্ছে, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ। হরমুজ প্রণালিতে সংকটের কারণে প্রতিবেশী দেশগুলোর তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হলেও, এই পাইপলাইনটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights