খোলাবাজারে ডলার ১২৯ টাকা ছাড়াল, অস্থিরতার শঙ্কা

অনলাইন ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রাবাজার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েক দিনের ব্যবধানে খোলাবাজারে (কার্ব মার্কেট) প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে ১২৯ টাকা ছাড়িয়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খোলাবাজারে এখন ১২৮ থেকে ১২৯ টাকা, এমনকি কোথাও কোথাও এর চেয়েও বেশি দরে ডলার লেনদেন হচ্ছে।

অথচ ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধে ডলারের দর ১২৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ব্যাংকের তুলনায় খোলাবাজারে গ্রাহকদের প্রতি ডলারে প্রায় ৪ টাকা ২০ পয়সা বেশি গুনতে হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ঘাটতি এবং রিজার্ভ থেকে ডলার খরচের কারণে মুদ্রাবাজারে নতুন করে এই চাপ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে ডলারের গড় বিনিময় হার ১২৪ টাকা ৩৫ পয়সা। বাণিজ্যিক ব্যাংকগুলো ১২৪ টাকা ৫৫ থেকে ১২৪ টাকা ৬০ পয়সা দরে ডলার কিনছে। গত মাসের শুরুতে ডলারের দর ১২২ টাকা ৭০ পয়সা থাকলেও চলতি মাসের শুরুতে তা ১২৪ টাকা ৩৫ পয়সায় ওঠে।

এর আগে গত সপ্তাহে ব্যাংকেও ডলারের দাম ১২৫ টাকা ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে। ফলে ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম ১২৪ টাকার নিচে নেমে এসেছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকি ও রেমিট্যান্স প্রবাহের কারণে খোলাবাজার ও অফিশিয়াল রেটের ব্যবধান কমে এলেও নতুন করে ডলারের দাম বাড়ার এই প্রবণতা নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ডলারের দাম বাড়ানোর পেছনে যৌক্তিক কারণের বাইরে সমন্বয়কারী প্রতিষ্ঠান ও ব্যাংকারদের কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights