চীনের জেজি-১১ স্টেলথ ড্রোন: কী আছে এই অত্যাধুনিক চালকবিহীন বিমানে?

অনলাইন ডেস্ক

চীনের তৈরি অত্যাধুনিক চালকবিহীন যুদ্ধবিমান বা ড্রোন ‘জেজি-১১’-এর বিস্তারিত তথ্য ও এর প্রথম লাইভ গোলাবর্ষণ মিশনের একটি ফুটেজ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। এই ফুটেজে ড্রোনের নকশা, অভ্যন্তরীণ অস্ত্রের ভান্ডার এবং রাডারে ফাঁকি দেওয়ার বিভিন্ন প্রযুক্তির (স্টেলথ) পাশাপাশি একে পরিচালনাকারী নারী অপারেটরদের ভূমিকা তুলে ধরা হয়েছে।

ফুটেজে শি জিয়াওরান ও ফু তিং নামের দুজন নারী ড্রোন অপারেটরকে দেখানো হয়। তারা চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএলএএএফ) প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম নারী ড্রোন অপারেটর ব্যাচের সদস্য। সিসিটিভি জানায়, এই দুজন তাদের প্রথম লাইভ-ফায়ার মিশনেই জেজি-১১ দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছেন। মাত্র পাঁচ মাসের প্রশিক্ষণ শেষে তারা এই মিশনে অংশ নেন।

‘জুয়ানলং’ সাংকেতিক নামের এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর লেজবিহীন ‘ফ্লাইং-উইং’ নকশা। ফুটেজে ড্রোনের ওপরের দিকে থাকা এয়ার ইনটেক (বাতাস প্রবেশের পথ), পেছনের চ্যাপ্টা অংশ, ল্যান্ডিং গিয়ার এবং ভেতরের দিকে থাকা অস্ত্রের ভান্ডারের স্পষ্ট চিত্র দেখা গেছে। অস্ত্রগুলো ভেতরে থাকায় বাইরে থেকে কোনো সরঞ্জাম দেখা যায় না, ফলে ড্রোনটি সহজেই শত্রুর রাডার ফাঁকি দিতে পারে।

চীনা সামরিক বিশেষজ্ঞ সং ঝংপিং রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসকে জানান, ড্রোনের ওপরের দিকে থাকা এয়ার ইনটেক এবং বিশেষ ধরনের এক্সজস্ট নজলের কারণে এটি খুব সহজেই দৃষ্টিসীমার বাইরে থাকতে পারে। এছাড়া এর গায়ে এমন প্রলেপ ব্যবহার করা হয়েছে, যা রাডারের সংকেত শুষে নেয়। এটি শত্রুর আকাশসীমায় প্রবেশ করে নিখুঁতভাবে বোমা হামলা চালাতে এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে সক্ষম।

সিসিটিভি জানিয়েছে, জেজি-১১ এর মতো চালকবিহীন ড্রোনগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনে ব্যবহার করা হবে, যাতে পাইলট ও সাধারণ যুদ্ধবিমানের ক্ষতি এড়ানো যায়। মোবাইল কমান্ড কেবিনে বসে অপারেটররা এই ড্রোন নিয়ন্ত্রণ করেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির ওপর ভিত্তি করে এর প্রশিক্ষণ ছয় ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত চলতে পারে।

২০১৯ সালে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে প্রথম জেজি-১১ প্রদর্শন করা হয়েছিল। এরপর ২০২৫ সালে বিমানবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক ভিডিওতে একে জে-২০ স্টেলথ ফাইটার এবং জে-১৬ডি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের সঙ্গে যৌথভাবে উড়তে দেখা যায়। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই অত্যাধুনিক ড্রোন চীনের ভবিষ্যৎ আকাশযুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights