শৈলকুপায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবল মামুনের বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও আইনি নির্দেশ অমান্য করে এক সাংবাদিকের কোটি টাকার সম্পত্তি জবরদখল ও পাকা স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুন ও তার পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরেও কুল পাচ্ছে না ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল মামুন বিগত খুলনার কুখ্যাত অপরাধী এরশাদ শিকদারের একান্ত সহযোগী এবং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভুণ্ডুলের ছেলে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এই জবরদখল চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগী সাংবাদিক শামীমুল ইসলাম শামীম জানান, ১৬৯ নম্বর হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ এবং আরএস ৪৯১০ দাগে মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশ জমির বৈধ মালিক তিনি। তার পিতা দলিল মূলে এই সম্পত্তির মালিকানা দিয়ে গেছেন। ফলে জমিটির রেকর্ড, নামজারি, খাজনা দাখিলা, ডিজিটাল ম্যাপ এবং দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলার রায় ও ডিক্রিসহ সমস্ত আইনি কাগজপত্র তার পক্ষেই রয়েছে। পৈতৃক সূত্র ও ভোগদখল সূত্রে ওই জমিতে মেহগনি, আমসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি শান্তিপূর্বকভাবে মালিকানা ভোগ করে আসছেন।
নথি সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে সাংবাদিক শামীমের সৎ ভাইয়েরা শৈলকুপা সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৯ সালে আদালত সাংবাদিক শামীমের পক্ষেই রায় ও ডিক্রি প্রদান করেন। এই রায়ে ক্ষিপ্ত হয়ে তারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলা চলমান ও উচ্চ আদালতের স্পষ্ট ‘স্টে অর্ডার’ (নিষেধাজ্ঞা) থাকা সত্ত্বেও বিচারিক কার্যক্রম ও আইনের তোয়াক্কা না করে পুলিশ কনস্টেবল মামুন ও তার ভাইয়েরা মিলে প্রায় তিন কোটি টাকার ওই সম্পত্তি জোরপূর্বক দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন।
আদালতের নিষেধাজ্ঞা অমান্যের ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শামীম ঝিনাইদহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (গ) ধারায় মামলা দায়ের করেন। কিন্তু প্রতিপক্ষ পুলিশ সদস্য হওয়ায় সেটির তোয়াক্কা না করে নির্মাণকাজ অব্যাহত রাখেন। উপায়ান্তর না হয়ে নিজের পৈতৃক সম্পত্তি রক্ষার্থে তিনি সম্প্রতি ঝিনাইদহ পুলিশ সুপার ও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পক্ষে নাইমুল ইসলাম নোমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাংবাদিক শামীমুল ইসলামের একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। নালিশি জমিতে জবরদখল ও নিষেধাজ্ঞা অমানয়ের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
