নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, তদন্ত কমিটি গঠন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদরাসাটির দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। তাঁদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে রাখা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আলী নুর খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কক্ষে ইন্টেরিয়র ডিজাইন করা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে অন্যান্য তলার শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।
অগ্নিকাণ্ডে মাদরাসার লাইব্রেরিতে থাকা কয়েক কোটি টাকা মূল্যের বই, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও মাদরাসা কর্তৃপক্ষ।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
