পিএসএলে যুক্ত হলেন সাবেক বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবার পাকিস্তান সুপার লিগের(পিএসএল) সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। তাকে লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই নতুন ভূমিকায় আমিনুল সেন্টারগুলোর উন্নয়নে পরামর্শ দেবেন। তিনি মূলত খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং পদ্ধতির উন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের ক্যারিয়ার গড়ার পথ সুগম করার ওপর গুরুত্ব দেবেন। এছাড়া বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এশিয়ায় ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় এই ফ্র্যাঞ্চাইজি।

ক্রিকেট প্রশাসন ও উন্নয়নে আমিনুলের রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তিনি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক (ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ক্রিকেটীয় জীবনে আমিনুল ইসলাম ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights