জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ
গাজীপুর প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে পাঠদান আরও কার্যকর করতে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষিত করে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া কোর ট্রেইনারদের এর আগে অনলাইন প্ল্যাটফর্মে সাত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইন প্রশিক্ষণে যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান কিংবা বিজ্ঞান বিষয়ের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ও এআইয়ের প্রয়োগ শেখা অপরিহার্য হয়ে উঠেছে। উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের পাঠ্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থায় পরিবর্তন আনছে। বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চগতির ইন্টারনেটের অভাব কিংবা প্রাতিষ্ঠানিক নানা চ্যালেঞ্জ থাকলেও বসে থাকার সুযোগ নেই। সীমিত সামর্থ্যের মধ্যেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া অনেক ভালো।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ ফাহমিদা শবনম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসানের সঞ্চালনায় দেশের বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
