গাজীপুরে নবাগত জিএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
গাজীপুর প্রতিনিধি:
নবাগত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা, উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গাজীপুর মহানগরীকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় নগর হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জিএমপি কমিশনার। যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, কিশোর গ্যাং ও ছিনতাই দমন, মাদক, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে জিএমপি।
একই সঙ্গে ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিএমপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও জানান পুলিশ কমিশনার।
