নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের শাহপরান হলের সামনে থেকে মিছিলটি বের করেন নেতা-কর্মীরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহসভাপতি মুহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে ছাত্রলীগের নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। শিক্ষার্থীদের মধ্যে ভয় ও সন্ত্রাস ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তাঁরা।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ক্যাম্পাস কিংবা দেশের কোথাও তাদের নৈরাজ্য সহ্য করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও চক্রান্ত রাজপথে থেকে প্রতিহত করতে শাবিপ্রবি ছাত্রদল প্রস্তুত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।

সমাবেশ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights