হেগসেথের অভিশংসন আটকে দিলেন রিপাবলিকান আইনপ্রণেতারা

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে ভোটারদের ক্ষোভের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। এতে রাজনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল। নির্বাচনে দলটির ভরাডুবির পেছনে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভ বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ওই যুদ্ধে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের একজন হেগসেথ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার প্রতিনিধি পরিষদে এ বিষয়ে ভোটাভুটি হয়। এতে হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগগুলো রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর প্রস্তাব পাস হয়। এর মধ্য দিয়ে রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসির নেতৃত্বে হেগসেথকে পদ থেকে সরানোর উদ্যোগ কার্যত থেমে যায়।

প্রস্তাবের পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। রিপাবলিকানদের মধ্যে একমাত্র টমাস ম্যাসি প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। এ সিদ্ধান্তের ফলে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিশংসন অভিযোগের ওপর সরাসরি ভোট এড়ানোর সুযোগ তৈরি হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিষয়টিও রয়েছে।

ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘পিট হেগসেথকে অভিশংসনের ডেমোক্র্যাটদের চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে! টমাস ম্যাসি ছাড়া প্রতিটি রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন। ম্যাসি একজন বড় মাপের পরাজিত ব্যক্তি।’

তবে প্রতিনিধি পরিষদে প্রস্তাবের ফল যা-ই হোক, সিনেটে হেগসেথের অভিশংসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম ছিল। কারণ, সেখানে অভিশংসনের জন্য দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। অথচ সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি।

ম্যাসির প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে আটটি পৃথক অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ শুরু করা। এছাড়া মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার অভিযান তদারকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আইন বিশেষজ্ঞদের মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

হেগসেথ এ প্রস্তাবকে ‘অন্তর্ঘাত’ ও ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের প্রভাবশালী সদস্যরাও তাঁর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

জরিপে দেখা যাচ্ছে, পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য ভোটারদের একাংশ ইরান যুদ্ধকে দায়ী করছেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর হেগসেথের প্রশাসনিক অবস্থান নিয়েও জল্পনা বেড়েছে।

এদিকে মঙ্গলবার হেগসেথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদায়ী রিপাবলিকান সিনেটর জোনি আর্নস্ট। তিনি জানতে চান, ‘যুদ্ধের পরিস্থিতি নিয়ে তিনি কি সত্য কথা বলছেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights