বিশ্বনাথে তিন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রই অচল, চিকিৎসাবঞ্চিত মানুষ!

উপজেলা প্রতিনিধি

স্বাস্থ্য কেন্দ্র আছে। নেই ডাক্তার আর কোন রকম চিকিৎসাসেবা। এমনকি মিলছেনা কাঙ্ক্ষিত ঔষধপাতিও। দীর্ঘ দুই বছর ধরে জনবল সংকটে অচল, সিলেটের বিশ্বনাথ উপজেলার তিনটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

এর মধ্যে দশঘর ও লামাকাজি ইউনিয়নের দুটিই রয়েছে তালাবদ্ধ আর উপজেলা সদরে থাকা অপর কেন্দ্রটিও কার্যত সেবাশূন্য।এতে প্রান্তিক পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা প্রত্যাশায় এসব কেন্দ্রে গিয়ে হতাশ হয়ে ফিরছেন সাধারণ মানুষ।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার দশঘর ইউনিয়ন ও লামাকাজি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘ সময় ধরে জনবল সংকটের কারণে বন্ধ রয়েছে চিকিৎসা কার্যক্রম। চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী না থাকায় কেন্দ্র দুটির দরজার ঝুলছে তালা।

অন্যদিকে উপজেলা সদরে অবস্থিত বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবস্থার আরও নাজুক। কেন্দ্রটিতে সাতজন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে কর্মরত ছিলেন মাত্র একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা নিলীমা রাণী দাস। তিনিই কোন রকমে চালু রেখেছিলেন শুধু পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত সেবা। কিন্তু ওই দিনই তাকে অন্যত্র সংযুক্ত করায়, কেন্দ্রটির এ সেবাও বন্ধ হয়ে পড়েছে। ফলে উপজেলার তিনটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কোনোটিতেই এখন মিলছেনা নিয়মিত স্বাস্থ্যসেবা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারিভাবে মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত প্রাথমিক সেবা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এসব স্বাস্থ্য কেন্দ্র। অথচ সেবার আশায় গিয়ে বারবার ফিরে আসতে হচ্ছে তাদের। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে যেতে হচ্ছে বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে।

দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের বাসিন্দা মামুনুর রশীদ জামিয়া বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আমরা প্রাথমিক ভাবে সরকারি স্বাস্থ্য সেবাটুকু পাচ্ছিনা।

লামাকাজি ইউনিয়নের দিঘলী গ্রামের বাসিন্দা বিপ্র দাস জয় বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র থাকার পরও মানুষ যদি চিকিৎসা সেবা না পায়, সেটা খুবই দু:খজনক। সাধারণ মানুষের ভোগান্তি যেন দেখার দেখার নেই।

বিশ্বনাথ সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা, পৌর শহরের বাসিন্দা শাহানা আক্তার বলেন, এখানে এসে কাউকে পাওয়া যায় না। মেলে না প্রয়োজনীয় ঔষধও। আমাদের সাধারণ মানুষের জন্য এটি খুবই কষ্টের।

বিশ্বনাথ সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের, পরিবার কল্যাণ পরিদর্শিকা নিলীমা রাণী দাস বলেন, এখানে মেডিকেল অফিসার, সহকারি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, মিড ওয়াইফ, পিয়ন, আয়াসহ ৭জন থাকার কথা। অথচ দুই বছর ধরে আছি আমি একাই। তাই চাইলেও কাঙ্খিত সেবা প্রদান সম্ভব নয়। প্রতিদিন সেবা প্রত্যাশি শতাধিক মানুষ এসে ফিরে যায়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আনিসুল হোসেন ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, জনবল সংকটের কারণে এ তিনটিতে নিয়মিত সেবা প্রদান সম্ভব হচ্ছে না। আমরা প্রতি মাসে উর্ধতন অফিসে এ নিয়ে রিপোর্ট করছি। কর্তৃপক্ষ জনবল নিয়োগ না দিলে, আমাদের করার কিছু থাকে না। আমরা যে ঔষধও দিয়ে রাখবো সে সুযোগও নেই। কারণ অন্যান্য পদের পাশাপাশি কেন্দ্রগুলোতে র্ফামাসিস্ট নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights