আজ ঢাকার বাতাসের মান সহনীয়, বায়ুদূষণের শীর্ষে লাহোর

অনলাইন ডেস্ক
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় কিছুটা স্বস্তির অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ বুধবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৯তম। রাজধানীর বায়ুমান সূচক বা একিউআই স্কোর ৯৬, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকায় এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৪৫১, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। ২৩০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর ও ইন্দোনেশিয়ার জাকার্তা। শহর দুটির বায়ুমান স্কোর যথাক্রমে ১৬৪ ও ১৫৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে এসব কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights