শিকারির অভাবে নিয়ন্ত্রণের বাইরে ভাল্লুক, রাশিয়ায় ৩৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাশিয়ার সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাল্লুক। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাণীটিকে দেশটির শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হয়ে আসছে। একসময় পশ্চিমা দেশগুলো রাজনৈতিক কার্টুন ও ব্যঙ্গচিত্রে রাশিয়াকে উপহাস করতে ভাল্লুকের প্রতীক ব্যবহার করত। তবে পরবর্তী সময়ে রাশিয়াও এই প্রতীককে নিজেদের জাতীয় পরিচয় ও শক্তির প্রতীক হিসেবে গ্রহণ করে।

কিন্তু সেই প্রতীকী প্রাণীই এখন দেশটির বিভিন্ন অঞ্চলে মানুষের প্রাণহানির কারণ হয়ে উঠছে। সাম্প্রতিক মাসগুলোতে ভাল্লুকের একের পর এক প্রাণঘাতী হামলায় উদ্বেগ বাড়ছে দেশজুড়ে।

রাশিয়াজুড়ে বাদামি ভালুকের একের পর এক প্রাণঘাতী হামলায় বসন্তের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ প্রাণ হারিয়েছেন কামচাটকা অঞ্চলের একটি হলিডে ক্যাম্পের নিরাপত্তাকর্মী ।

বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যমতে, গত কয়েক সপ্তাহে ভালুকের হামলায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অক্টোবরের শুরুতে এ সংখ্যা ছিল ২২, যা বেড়ে এখন ৩৫-এ দাঁড়িয়েছে।

এ ছাড়া গত তিন দশকে রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বর্তমানে দেশটিতে প্রায় ৩ লাখ ৮ হাজার বাদামি ভালুক রয়েছে। শীতকাল আগের তুলনায় ছোট ও উষ্ণ হয়ে আসায় এ সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

কিছু অঞ্চলে ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ কারণে গত সেপ্টেম্বরে ভালুক নিধনের নিয়ম সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় সরকার।

বুরিয়াতিয়া প্রজাতন্ত্রের প্রধান আলেক্সেই সিদেনভ চলতি মাসে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এ বছর ভালুকের সংখ্যা বৃদ্ধি ও মানুষের ওপর হামলার অন্যতম কারণ শিকারির সংকট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক শিকারি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ফলে ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণে শিকার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি আরো বলেন, ফসলের ঘাটতি ও দাবানলের কারণেও ভালুক খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। প্রাণীবিজ্ঞানী মিখাইল ক্রেচমার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রাশিয়ায় ভালুক নিধনের জন্য নির্ধারিত কোটার মাত্র ২৭ শতাংশ ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে রাশিয়ার শিকার ও মৎস্যজীবী সংঘের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তথ্যসূত্র : দ্য মস্কো টাইমস, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights