শেবাচিমে বিনামূল্যে একাধিক সেবা, জানেন না অধিকাংশ রোগী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতিদিন গড়ে ৫ হাজার রোগীর পদচারণ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)। তাদের সঙ্গে আসেন আরও কয়েক হাজার স্বজন। এ হাসপাতালটিতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় রয়েছে একাধিক বিনামূল্যের বিশেষায়িত চিকিৎসাসেবা। কিন্তু এসব সেবা সম্পর্কে জানেন না অধিকাংশ রোগী ও স্বজনরা। অভিযোগ রয়েছে, তথ্য প্রচারের অভাবে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন দরিদ্র মানুষ। আর এ তথ্যের আড়ালে সক্রিয় রয়েছে একটি সুবিধাভোগী চক্র।

অনুসন্ধানে জানা গেছে, শেবাচিমে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, প্রসবজনিত ফিস্টুলা, যক্ষ্মা রোগের পরীক্ষা ও ওষুধ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তার সুযোগ রয়েছে।

এর মধ্যে আন্তর্জাতিক সংস্থা দ্য ফ্রেড হোলোস ফাউন্ডেশনের সহযোগিতায় ‘বরিশাল ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় ছানি ও ডায়াবেটিসজনিত চোখের রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এ সেবা পেতে বহির্বিভাগে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসক দেখানোর পর নির্ধারিত প্রক্রিয়ায় প্রকল্পের আওতায় চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরীক্ষা ও ওষুধ, ইউএনএফপিএর সহযোগিতায় প্রসবজনিত ফিস্টুলার চিকিৎসা এবং ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা, কাউন্সেলিং ও আইনি সহায়তার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মসূচির তথ্যে উল্লেখ রয়েছে।

তবে এসব সেবা কোথায় পাওয়া যাবে, কারা পাবেন এবং কীভাবে যোগাযোগ করতে হবে, তার কোনো দৃশ্যমান প্রচারণা নেই বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এ বিষয়ে হাসপাতালের (বুধবার তিনি স্ট্যান্ড রিলিজ হয়েছেন) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, দাতা সংস্থার মাধ্যমে বিভিন্ন সংস্থা এ সেবা দিয়ে থাকে। গত দুই বছরে নানা সমস্যার কারণে তারা অতটা সক্রিয় ছিল না। এখন আবার কিছুু কাজ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights