ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‘সরিয়ে’ দিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চালাচ্ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র আর ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নয়। একইসঙ্গে তিনি নিজের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এই প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়ে দেশের অভ্যন্তরীণ অপরাধ দমনের কাজে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চলমান যুদ্ধে নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন ভ্যান্স। কিন্তু তাকে কার্যত একপাশে সরিয়ে রেখে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিনগুলো অনেক আগেই পার হয়ে গেছে… তাদের অর্থ, শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে এবং তাদের প্রণালিও (হরমুজ) আমাদের দখলে!
ট্রাম্পের এই বক্তব্য তার এই সপ্তাহের শুরুর দিকের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে ‘গতি’ তৈরি হয়েছে এবং আলোচনা চলমান রয়েছে।
আন্তর্জাতিক কূটনীতি থেকে সরিয়ে ভ্যান্সকে এখন অভ্যন্তরীণ ইস্যুতে, বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোর ‘দুর্নীতিগ্রস্ত বিপর্যয়’ সামলানোর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প লিখেছেন, আমি ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করেছি যেন তিনি সেখানে চলমান ব্যাপক দুর্নীতি ও অপরাধের দিকে তার সম্পূর্ণ ও পূর্ণ মনোযোগ নিবদ্ধ করেন।”
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক ও ভূমিধস জয়ের পর থেকেই ভ্যান্স ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে নিজেকে নিয়ে আসেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে প্রকাশ্যে মতামত দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্স লিখেছিলেন, আমাদের পরাজয়ের কারণ হলো এই যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে একথা বলেছেন। এছাড়া নির্বাচনে রিপাবলিকান পার্টির এমন ভরাডুবির জন্য ইসরায়েলের সঙ্গে দলের সংশ্লিষ্টতাকেও দায়ী করেছিলেন তিনি।
এর আগে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের এক সংবাদ সম্মেলনের বরাতে মিডল ইস্ট আই সর্বপ্রথম জানিয়েছিল যে, কাতারে ভ্যান্স এবং ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার সূচি নির্ধারিত থাকার বিষয়টি অস্বীকার করেছিল, তবে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র এই বৈঠকের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছিল বলেই প্রতীয়মান হচ্ছিল।
গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ভ্যান্স নিজেই উদ্যোগী হয়ে রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, ট্রাম্প নিজেই এই যোগাযোগের অনুমোদন দিয়েছিলেন। তবে হঠাৎ করে ভ্যান্সকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করছে না। কারণ ওয়াশিংটন মনে করে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে।
ট্রাম্পের আলোচনা বাতিলের এই আকস্মিক সিদ্ধান্ত আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে, যাদের অর্থনীতি ইতিমধ্যেই মার্কিন নীতির অস্পষ্টতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ প্রসঙ্গে বলেন, আমাদের… দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকা উচিত, যেখানে কোনো চূড়ান্ত সমাধান কিংবা স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থাকে নিশ্চিত বলে ধরে নেওয়া যায় না।
এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররাও তেহরানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। ইরাকের সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্র-সমর্থিত একজন জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের অবশ্যই তেহরানের সঙ্গে ‘কথা বলা’ উচিত। প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির প্রধান বাফেল তালাবানি বলেন, ইরানিদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো অসুবিধা হয় না… মি. ট্রাম্পের একজন মিত্র এবং অদ্ভুতভাবে ইরানিদেরও একজন মিত্র হিসেবে [আমি বলছি] শক্তিশালী যুক্তরাষ্ট্র এটি করতে পারে।
সূত্র: মিডলইস্ট আই
