সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০

সাভার প্রতিনিধি:
তুচ্ছ ঘটনায় সাভারের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিরুলিয়ার খাগানের কাজল গার্মেন্টস রোডের দুই পাশে দোকানে ও বাড়িগুলোতে হামলা চালায় শিক্ষার্থীরা।

এসময় দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে তারা হামলা চালায়। এতে প্রায় ১০০টি দোকান ও কয়েকটি বাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা।

ভুক্তভোগীরা জানায়, হঠাৎ করে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী কাজল গার্মেন্টস রোড দিয়ে ভাঙতে ভাঙতে আসে। এসময় তারা দোকান বন্ধ করার আগেই হামলা চালায়। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সিটি ইউনিভার্সিটির রেজিস্টার প্রফেসর মীর আক্তার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর ভেতর একটু ভুল বোঝাবুঝি হওয়ায় সেটাকে কেন্দ্র করে একটি সংঘর্ষের মত সৃষ্টি হয়েছিলো। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সাভার বিরুলিয়ার ইউনিয়নের চেয়ারম্যান বলেন, আমরা ঘটনাস্থলেই অবস্থান করছি। এর আগে এ অঞ্চলে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights