ঢাবিতে দুই দিনব্যাপী পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মীর্জা শওকত আলী, ডিইউডিএস-এর সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, পরিবেশ দূষণরোধে শিক্ষার্থী ও তরুণ সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ দূষণরোধে বিশেষ করে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই বিতর্ক প্রতিযোগিতা কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights