‘সম্মিলিতভাবে চেষ্টা করলে আমাদের কেউ ঠেকাতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেছেন, বাংলাদেশ আজ এ পর্যন্ত এগিয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের নতুন বরিশাল গড়ার শপথ নিতে হবে। আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত করবো না। হিংসা করবো না- সেই শপথ আজ নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে করতে চাই।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার বেলা ১২ টায় নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মহানগর যুবলীগ আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে সভায় খোকন সেরনিয়াবাত আরও বলেন, আমাদের উদ্দেশ্য যদি মহৎ হয়, আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি আমাদের কেউ ঠেকাতে পারবে না। যেমন পারেনি আমাদের জননেত্রীকে। আমরা যারা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠনে আছি তাদের নতুন করে চেতনা জাগ্রত করতে হবে। এখানে ভালো নেতৃত্ব আসবে। সভায় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান বিসিসি’র নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত।
সভায় অন্যনান্যের মধ্যে নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, বলরাম পোদ্দার, মাহমুদুল হক খান মামুন, আনিস উদ্দিন শহীদ, শাহজাহান হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

সভার পরে নগরীর সদর রোডের সিটি কলেজ, হাসপাতাল রোডের অমৃত লাল দে মহাবিদ্যালয় এবং পরে বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে সদর উপজেলার চেয়ারম্যান, মেম্বর ও দলীয় নেতাকর্মীদের সাথে এবং রাতে বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান গ্রুপ) সাথে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights