গাঁজার নেশায় বাড়িতে আগুন লাগালেন যুবক, অতঃপর…

অনলাইন ডেস্ক

মাত্রাতিরিক্ত গাঁজা সেবন করে নিজের বাড়িতে আগুন ধরালেন এক যুবক। নেশা যখন কাটল, তখন আর মাথার উপর ছাদ নেই। স্ত্রী-পুত্র নিয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন। এমনকি, তিনি যে এমন কাজ করেছেন, তা বিশ্বাসই করতে পারেননি। সম্প্রতি ভারতের উড়িষ্যার কন্ধমালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, এ কাণ্ড যিনি ঘটিয়েছেন, তার নাম প্রদীপ নায়েক। শনিবার রাতে তিনি গাঁজা সেবন করে বাড়িতে আগুন ধরিয়ে দেন। তবে প্রত্যন্ত এলাকায় তার বাড়ি হওয়ায় ঘটনাটি জানাজানি হয় সোমবার। এখন প্রশাসনের সহায়তায় একটি আশ্রয়স্থলে পরিবার নিয়ে রয়েছেন তিনি।

প্রদীপ জানান, জায়গা-জমি সংক্রান্ত একটি পারিবারিক বিবাদ চলছে। এ নিয়ে খুব চিন্তায় ছিলেন তিনি। তবে তিনি যে নিজের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, তা নেশার ঘোরে বুঝতে পারেননি। প্রদীপের পরিবারের লোকজন বলছেন, রাতে চিৎকার-চেঁচামেচি করে বাড়ির সবাইকে বাইরে বের করে আনেন যুবক। এক-দু’কথার পর নিজেই আগুন ধরিয়ে দেন। যদিও প্রথমে এই কথা বিশ্বাসই করতে পারেননি ওই যুবক।
প্রদীপের বাড়িটি লোকালয় থেকে একটু দূরে। দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে স্থানীয়েরা ছুটে এসেছিলেন। এরপর দমকলের সাহায্যে আগুন নেভানো হয়। প্রদীপ যখন বাড়ির লোকের সঙ্গে ঝামেলা করে বাড়িতে আগুন ধরাচ্ছেন, তখন ফোনের ক্যামেরায় ভিডিও করেন স্থানীয় এক যুবক। তিনি প্রদীপকে সেই দৃশ্য দেখালে তিনি বলেন, ‘খুব ভুল হয়ে গেছে।’ লজ্জা পেয়ে জানান, নেশাটা বেশি করে ফেলেছিলেন।

এখন প্রশাসনের পক্ষে শুকনো কিছু খাবারদাবার দেওয়া হয়েছে আশ্রয়হীন ওই পরিবারকে। আপাতত মাথা গোঁজার একটি বন্দোবস্তও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights