মাদকাসক্ত দুই যুবককে পুলিশে দিল পরিবার

বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলীতে মাদকাসক্ত ছেলে ফরহাদকে (২৩) পুলিশে দিলেন পিতা মো. শাহজাহান এবং অপর এক মাদকাসক্ত ছেলে রিমনকে (২৫) পুলিশে সোপর্দ করেন তার মা আখিনুর বেগম। পরে পুলিশ ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক দু’জনকে ৩ মাস করে কারাদণ্ডাদেশ দেন। সোমবার বিকালে আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফরহাদ হেরোইন সেবনসহ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ায় পিতা মো. শাহজাহান পুত্রকে সোমবার দুপুরে থানায় সোপর্দ করে। একই সময় একই এলাকার মৃত আ. বারেক মল্লিকের পুত্র রিমন মাদকাসক্ত হয়ে তার মাকে শারিরীকভাবে লাঞ্চিত করায় তার মা আখিনুর বেগম পুত্রকে পুলিশে সোপর্দ করে।

পরে পুলিশে সোপর্দকৃত ওই দুই মাদকাসক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের কাছে উভয়ই দোষ স্বীকার করায় তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই দুই মাদকাসক্ত যুবককে তাদের অভিবাবকরা পুলিশে সোপর্দ করেন। সোপর্দকৃত দুই মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারকের সামনে হাজির করা হলে বিচারক প্রত্যককে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights