গাজীপুর সিটি নির্বাচন, ভিড় আছে ভোট কম

শামীম আহমেদ, গাজীপুর থেকে

ভোটকেন্দ্রের মাঠ ভরা মানুষ, তবে ভোটগ্রহণ কক্ষের সামনে নেই কোনো ভিড়। মাঠের মধ্যে কেউ দলবেঁধে গল্প করছেন, কেউ তুলছেন সেলফি। অন্যদিকে ভোটগ্রহণের প্রতিটা কক্ষে ভোটারের জন্য অপেক্ষা করছেন পোলিং এজেন্ট ছাড়াও ৬ জন করে কর্মকর্তা।

আজ সকাল ১১টায় এমন চিত্র দেখা গেছে গাজীপুর সদরের পশ্চিম চান্দনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. আল মামুন বলেন, ভোট শুরুর এক ঘণ্টা পর একবার ভোট গুনেছিলাম। ৫ শতাংশের মতো কাস্ট হয়েছিল। এর পর আর গণনা করিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
একই স্থানে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখা ভোট কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। ওই কেন্দ্রের একটি বুথে ৩৫৯ ভোটারের মধ্যে তিন ঘণ্টায় ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৪ জন। আরেকটি বুথে ৩৬৬ ভোটের মধ্যে তিন ঘণ্টায় কাস্ট হয়েছে ৪০ ভোট। তবে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights