চবি প্রক্টর অফিসে ছাত্রলীগের তালা, কারণ জানে না কর্তৃপক্ষ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর অফিসে তালা লাগিয়েছে শাখা ছাত্রলীগ। অন্যদিকে ছাত্রলীগের দুটি উপগ্রুপের তুমুল সংঘর্ষ থামাতে ব্যস্ত প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রক্টর অফিসে তালা লাগানো হয়। সেসময় প্রক্টর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ থামাতে ব্যস্ত ছিলেন।

জানা গেছে, বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় প্রক্টর অফিসে তালা লাগিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরপর দু’দিন সংঘর্ষ বাঁধিয়ে ক্যাম্পাস উত্তাল রেখেছে তারা।
প্রক্টর অফিসে তালা লাগানোর ৬ ঘণ্টা পরেও কারণ জানেন না প্রক্টরিয়াল বডির কেউ-ই। চেক করা হয়নি সিসিটিভি’র ফুটেজও।

ছাত্রলীগ কেন তালা লাগিয়েছে তা জানতে যোগাযোগ করা হয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের সাথে। তিনি কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

তবে সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছিল। প্রক্টর স্যারসহ আমরা ব্যস্ত ছিলাম সংঘর্ষ থামাতে। পরে তালা খুলে ফেলা হয়েছে। কেন তালা লাগিয়েছে তা আমরা জানি না। যারা তালা লাগিয়েছে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights