১০ মিনিটেই ‘শেষ’ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতি বিপুল উন্মাদনা দেখেছিল বিশ্ববাসী। ট্রফি জয়ের পর সেই উৎসাহ-উদ্দীপনার পূর্ণতা পেয়েছে। এরপর মেসিদের ম্যাচে আরও আগ্রহ বেড়েছে দর্শকদের। সরাসরি বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখতে এবার জোয়ার এসে ভীড়েছে এশিয়ায়।

আগামী জুনে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সফরের প্রথম ম্যাচে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। ১০ মিনিট না যেতেই সেই ম্যাচের প্রথম ধাপের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার ছাড়া হবে দ্বিতীয় দফার টিকিট।

স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু ১০ মিনিট পর হতাশ হতে হয় টিকিট কিনতে অনলাইনে ঢোকা বাকি ফুটবল ভক্তদের। বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে। যার ধারণক্ষমতা ৬৮ হাজার। এই ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৮২ ডলার, আর সর্বোচ্চ মূল্য ৬৭৫ ডলার।
যদিও টিকিটের মূল্য নিয়ে শুরুতে নাখোশ ছিলেন বেশ কিছু সমর্থক। কেননা চাইনিজ সুপার লিগে এর চেয়ে কম মূল্য। কিন্তু টিকিট বিক্রি শুরুর দিনই বোঝা গেল বাস্তবতা। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখার সুযোগ প্রত্যেকদিন মেলে না।

এই ম্যাচের টিকিট অন্য কারও কাছে বিক্রি করা যাবে না। কারণ টিকিটের সঙ্গে প্রত্যেকটি ব্যক্তির পরিচয়পত্রের নাম্বার ও ফটো আইডি জুড়ে দেওয়া দেওয়া হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি মূল্যের টিকিট ২ হাজার ৭৪৩ ডলারে কেনার প্রস্তাব উঠেছে।

এদিকে, অস্ট্রেলিয়া ম্যাচের পর আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচটি হবে ইন্দোনেশিয়ার জেলোরা বুং কারনো স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights