শিক্ষকদের তিন দিনের ধর্মঘটে স্থগিত মাধ্যমিকের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামীকাল রবিবার ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তিনদিনের ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ শিক্ষক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের প্রায় ১৩শ শিক্ষা প্রতিষ্ঠানের এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির কারণে স্থগিত হয়েছে সংশ্লিষ্ট স্কুলের নির্বাচনী পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষা।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর দ্বারা। কিন্তু পরিতাপের বিষয় আমরা এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই অ্যাকাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

তিনি বলেন, আমাদের কর্মসূচির কারণে অষ্টম, নবম ও দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা ও ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তারপরও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা শনিবারও পরীক্ষা নিয়েছি এবং কর্মসূচিও সংক্ষিপ্ত করেছি।
শুক্রবার শিক্ষক নেতৃবৃন্দ এক সভায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জেলা, উপজেলা ও থানার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট সফল করতে বিদ্যালয় ইউনিটকে আহ্বান জানান। একই সাথে ১৩ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights