ক্যারিবীয় সফরেই কি শেষ রোহিতের টেস্ট অধিনায়কত্ব?

অনলাইন ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে আরও একটি সুযোগ পাবেন রোহিত শর্মা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন তিনিই। কিন্তু তার পরে ভারতের টেস্ট দলের নেতা হিসেবে রোহিতকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, টেস্ট বিশ্বকাপে হারের পরেই রোহিতকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ নির্বাচকরা।

বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, এখন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। কিন্তু আগামী দু’বছর রোহিতই অধিনায়ক থাকবে কি না, তা নিশ্চিত নয়। কারণ এর পর যখন ২০২৫ সালে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে, তখন রোহিতের বয়স হবে ৩৮ বছর। সেটা ভাবাচ্ছে নির্বাচকদের।
রোহিত টেস্ট অধিনায়ক থাকবেন কি না সেটা তার ব্যাটিংয়ের উপরেও নির্ভর করছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বড় সিদ্ধান্ত নিতে হবে। রোহিতের ব্যাটিং ফর্মও দেখা হবে।

তবে তার জন্য পর্যাপ্ত সময় পাবেন নির্বাচকরা। কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে দীর্ঘ দিন ভারতের টেস্ট সিরিজ নেই। মাঝে এশিয়া কাপ ও একদিনের বিশ্বকাপ থাকায় বড় বিরতি রয়েছে লাল বলের ক্রিকেটে।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, রোহিতকে সরালে নতুন অধিনায়কের নামও ঘোষণা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে ডিসেম্বরের শেষ পর্যন্ত টেস্ট খেলবে না ভারত। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় পাবেন নির্বাচকরা। তাড়াহুড়ো করে কোনো নাম ঘোষণা করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights