ভাই নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান শাহবাজের
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবার তার ভাই দেশটির মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে নওয়াজকে দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিতে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান জানানো হয়েছে। খবর জিও নিউজ ও এনডিটিভির।
জানা গেছে, দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ বৈঠকের মধ্য দিয়ে শাহবাজ আবারও দলের সভাপতি নির্বাচিত হন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তিনি তার বড় ভাই নওয়াজের পাকিস্তানে ফেরার অপেক্ষা করছেন। তারপর তিনি দলের সঙ্গে বৈঠক করে যেন পিএমএল-এনের সভাপতিত্ব তার হাতে ফিরিয়ে দিতে পারেন।
দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার পর এবং দলের কোনো দায়িত্বে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করলে দলের সভাপতির দায়িত্ব পান শাহবাজ শরিফ। সুপ্রিম কোর্টের এ আদেশের পর নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন।
