নোয়াখালীতে হজ কার্যক্রমের নামে প্রতারণা, ৩১ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
হজ কার্যক্রমের নামে প্রতারণার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ ৩১টি মামলার পলাতক এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কাজী মো. ইসমাইল (৫৫) উপজেলার একলাশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক সোমবার বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, রবিবার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেগমগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি সত্যতা স্বীকার করে বলেন, সে একজন বড় ধরনের প্রতারক। তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে এবং ১৪টি মামলায় সাজা হয়েছে ও ৩১টি মামলায় থানায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া আরও অনেকে তার থেকে টাকা পাবে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে এক প্রেস নোটে জানান, গ্রেফতারকৃত আসামি ২০১৮-১৯ সালে বাণিজ্য নগরী চৌমুহনী বাজারে রুবি প্লাজায় হাজি এয়ার মিডিয়া ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে হজ কার্যক্রমের নামে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণা করেন। তার বিরুদ্ধে ৩১ পরোয়ানার মধ্যে ১৪ মামলায় ৮ বছর ৬ মাস ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে এক কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসপি আরও জানান, সোমবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights