ইংল্যান্ডের সামনে বড় লিড দাঁড় করাতে যাচ্ছে অস্ট্রেলিয়া
‘বাজবল’ ক্রিকেট খেলতে গিয়ে উল্টো ক্ষতির সম্মুখিন ইংল্যান্ড। এজবাস্টনে প্রথম টেস্টে পরাজয়ের পর লর্ডসে দ্বিতীয় টেস্টে এসেও অস্ট্রেলিয়ার সামনে বেকায়দা অবস্থায় রয়েছে ইংলিশরা। টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ২২১ রানে পিছিয়ে বেন স্টোকসের দল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করছে ২ উইকেটে ১৩০ রান নিয়ে।
নাটকীয়তা যা দেখানোর তৃতীয় দিন শেষ বিকেলেই দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪১৬ রান করার পর জবাব দিতে নেমে ইংল্যান্ড যেভাবে ব্যাট করছিলো, তাতে ম্যাচটাতে দারুণ লড়াই হওয়ার ইঙ্গিত মিলেছিলো। কিন্তু লাঞ্চের আগেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অস্ট্রেলিয়ার বোলাররা। মাত্র ৪৬ রানে ইংলিশদের ৬ উইকেট তুলে নিয়ে নাটকীয়ভাবে লিড নেয় অসিরা।
৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দৃঢ়তা দেখাচ্ছেন ওপেনার উসমন খাজা। তৃতীয় দিন শেষে এই ব্যাটার ব্যাট করছেন ৫৮ রান নিয়ে। তার অপর সঙ্গী স্টিভেন স্মিথ ব্যাট করছেন ৬ রান নিয়ে। প্রথম ইনিংসে ১১০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন স্মিথ।
এর আগে ইংলিশ পেসার জস টংয়ের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার (২৫ রানে) এবং জেমস অ্যান্ডারসনের বলে ব্রুকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মার্নাস ল্যাবুশেন। তিনি করেন ৩০ রান।
প্রথম দিন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে স্মিথের ১১১ রানের ওপর ভর করে ৪১৬ রান সংগ্রহ করে অসিরা। ৭৭ রান করেন ট্রাভিস হেড এবং ৬৬ রান করেন ডেভিড ওয়ার্নার। অলি রবিনসন এবং জস টং নেন ৩টি করে উইকেট।
জবাব দিতে নেমে বেন ডাকেটের ৯৮, হ্যারি ব্রুকসের ৫০ এবং জ্যাক ক্রাউলির ৪৮ রানের ওপর ভর করে ৩২৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৩ উইকেট নেন মিচেল স্টার্ক, ২টি করে উইকেট নেন জস হ্যাজলউড এবং ট্রাভিস হেড।
