বৃষ্টি উপেক্ষা করেও চট্টগ্রামে অনুশীলনে টাইগাররা
ভারী ও টানা বর্ষণে নাগরিক জীবন হঠাৎ স্থবির। ঈদের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে ক্রমাগত বৃষ্টিতে। কিছুতেই থামছে না। রাস্তায় বের হওয়াই দায়। এরকম টানা বর্ষণে কি জাতীয় দল অনুশীলন করতে পারবে?
আজ শনিবার সকালে বন্দরনগরীতে পা রাখা টাইগাররা কি বৃষ্টির কারণে বিশ্রামে থাকবে? সমর্থকদের মনে ছিল সংশয়মাখা প্রশ্ন।
শেষ পর্যন্ত সে সংশয় অমূলক প্রমাণ করে ঠিক শনিবার সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিসে নামে জাতীয় দলের বহর। তবে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজের আগে আজ প্রথম প্র্যাকটিস সেশনটি সে অর্থে খুব ভালো কাটেনি।
বৃষ্টির কারণে পুরো প্র্যাকটিস সেশনটা খোলা আকাশের নিচে করা সম্ভব হয়নি। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সময়েই জাতীয় দল টিমবাসে করে স্টেডিয়ামে চলে যায়।
বরিশাল থেকে জাতীয় দলের সঙ্গে আজ শনিবার সকালে ফ্লাইট ধরতে না পারায় সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
