কলারোয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর সীমান্ত এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গয়ড়া বাজারের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে বিশেষ ব্যবস্থাপনায় রাখা একটি ব্যাগ থেকে ১৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। সে চট্টগ্রাম জেলার বাঁশখালি থানার বাঁশখালি গ্রামের গুনাগুরী এলাকার মীর আহম্মদের ছেলে।
সাতক্ষীরা ডিবি (গোয়েন্দা) পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা করা হয়েছে।
