এবার ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করে তালগোল পাকালেন বাইডেন, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রায়ই নিজের কাজে তালগোল পাকিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমেরিকা সফরে গেলে তাকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করে বসেন তিনি। তারও আগে একবার ঋষি সুনাকের নামই বিকৃতি করে ফেলেছিলেন বাইডেন। এবার তালগোল পাকালেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে।

রবিবার ব্রিটেনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এটি ছিল ২৪ ঘণ্টার একটি সংক্ষিপ্ত সফর। রাতটুকু লন্ডনের মার্কিন দূতাবাসে কাটিয়ে পরদিনই ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরে তিনি সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। সফরসূচির ছোট্ট এই অংশটিতেই ফের তালগোল পাকিয়ে ফেলেন বাইডেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, রাজকীয় প্রোটোকল ভেঙে রাজা তৃতীয় চার্লসকে স্পর্শ করছেন বাইডেন। তার আগে রাজাকে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাক্যালাপ চালিয়ে যেতে দেখা যায় তাকে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে উইন্ডসর ক্যাসেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাইডেন অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। এরপর তারা মাঠের অন্যপাশে যেতে হাঁটতে শুরু করেন।

কিন্তু একপর্যায়ে রাজাকে পেছনে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলতে শুরু করেন বাইডেন। এসময় ব্রিটিশ রাজা বারবার তাকে ফের হাঁটা শুরু করতে তাগাদা দিচ্ছিলেন। কিন্তু ‘দ্বিধান্বিত’ মার্কিন প্রেসিডেন্ট যেন তার কথা বুঝতেই পারছিলেন না।

একপর্যায়ে ওই নিরাপত্তারক্ষীর প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা যায় রাজা তৃতীয় চার্লসকে।

এছাড়া পাশাপাশি হাঁটার একপর্যায়ে ৭৪ বছর বয়সী ব্রিটিশ রাজার পিঠে হাত দিয়ে স্পর্শ করেন মার্কিন প্রেসিডেন্ট।

রাজকীয় প্রোটোকল অনুসারে সাধারণত ব্রিটিশ রাজ পরিবারের কাউকে স্পর্শ করা নিষেধ, যদি না তারা নিজ থেকে উদ্যোগী হন।

যদিও বাকিংহাম প্যালেসের একটি সূত্র পিপলস ম্যাগাজিনকে জানিয়েছে, রাজাকে স্পর্শ করে মার্কিন প্রেসিডেন্ট কোনও প্রোটোকল ভঙ্গ করেননি। এ ঘটনায় রাজা ‘পুরোপুরি স্বস্তিতে’ ছিলেন।

সূত্রের দাবি, রাজার পিঠে বাইডেনের স্পর্শ করার ঘটনাটি ছিল দুই ব্যক্তি ও জাতির মধ্যকার ‘উষ্ণ ও স্নেহপূর্ণ সম্পর্কের দুর্দান্ত প্রতীক’। সূত্র: ডেইলি মেইল, মিরর অনলাইন, নিউ ইয়র্ক পোস্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউকেhttps://youtu.be/Ed64CPk3Cwc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights