ফরিদপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে কুদ্দুস শেখ হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। রবিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন। মামলায় অপর এক আসামীকে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া দুই আসামী মৃত্যুবরন করায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ ফেব্রয়ারি জেলার বোয়ালমারীর কুন্ডু রামদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুদ্দুস শেখকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদি হয়ে বোয়ালমারী থানায় ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষ এ রায় প্রদান করা হয়। রায়ে যাদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয় তারা হলেন, ইমদাদুল শেখ, মিরাজ শেখ, এরশাদ সিকদার ও জব্বার সিকদার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। দুই বছর সাজাপ্রাপ্ত আসামী হলেন ইলিয়াস শেখ। রায় প্রদানের সময় আসামীরা আদালতে হাজির ছিলেন।
