কালিহাতী ইউপি নির্বাচন: জাল ভোট দিতে এসে আটক দুই
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক যুবকরা হচ্ছেন- উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।
সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়স সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডেশ্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নাসির উদ্দন জানান, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটারদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
