১২ বছর পর বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ
বেনাপোল প্রতিনিধি
১২ বছর পর বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
তবে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ায় কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে বলে ভোটাররা অভিযোগ করেন। একাধিক লাইনে দাঁড়িয়ে রয়েছেন নারী ভোটাররা।
বেনাপোল হাইস্কুল কেন্দ্রে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আউয়ুব হোসেন জানান, এই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। ইভিএমের কারণে এই কেন্দ্রে ভোটদান একটু দেরি হচ্ছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা গেছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের উপস্থিতি ব্যাপক। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বেনাপোল বাজার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম জানান, ইভিএমের কারণে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে।
বেনাপোল পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন অভিযোগ করেন, সন্ত্রাসীরা বাইরের এলাকা থেকে পৌরসভায় এসে মহড়া দিচ্ছে, তারা ভীতির সঞ্চার করছে। কেন্দ্রগুলো থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দিন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, সবকয়টি কেন্দ্র পরিদর্শন করেছি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে। পৌর এলাকায় দুই প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব ও ২ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। এ পৌরসভায় ইভিএমে প্রথম ভোট হচ্ছে। সেকারণে ভোটগ্রহণ বিলম্ব হচ্ছে।
