হিরো আলমের ওপর হামলায় ১৩ দূতাবাসের নিন্দা, সুষ্ঠু বিচার দাবি
অনলাইন ডেস্ক
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার ১৩টি দূতাবাস ও হাইকমিশন।
বুধবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
একইসঙ্গে এ ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানায় দূতাবাসগুলো।
যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনও স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।যেসব দূতাবাস ও হাইকমিশন ওই বিবৃতিতে স্বাক্ষর করেছে সেগুলো হচ্ছে- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।
উল্লেখ্য, সোমবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।
