এশিয়া কাপের সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

অবশেষে প্রকাশিত হলো হাইব্রিড মডেলের এশিয়া কাপের সূচি। সূচি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ৬ দলের মহাদেশীয় প্রতিযোগিতাটি চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে একদিন পর। অর্থাৎ ৩১ আগস্ট টাইগাররা মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।

বুধবার চলতি বছরের আসন্ন এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে সংস্করণের।
এশিয়া কাপের এবারের আসরটি সম্পূর্ণরূপে হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে রাজনৈতিক বৈরীতার কারণে ভারত সেখানে যেতে সম্মত না হওয়ায় হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাতেও খেলা হবে। পাকিস্তানে গ্রুপ পর্বের তিনটি ও সুপার ফোরের একটিসহ মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালসহ বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার পর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। ‘এ’ গ্রুপে এই দুই পরাশক্তির সঙ্গে আছে প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল।

সুপার ফোরে জায়গা পেলে স্বয়ংক্রিয়ভাবে ‘এ১’ ও ‘এ২’ হিসেবে ধরা হবে যথাক্রমে পাকিস্তান ও ভারতকে। শ্রীলঙ্কা বিবেচিত হবে ‘বি১’ হিসেবে।

গ্রুপ পর্বের খেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে সুপার ফোরের খেলা। সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কার কলম্বো।

মোট চারটি ভেন্যুতে হবে আসন্ন এশিয়া কাপের খেলাগুলো। সেগুলো হলো পাকিস্তানের মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বো।

এশিয়া কাপের চূড়ান্ত সূচি:

গ্রুপ-এ গ্রুপ-বি
পাকিস্তান, ভারত ও নেপাল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান

তারিখ ম্যাচ ভেন্যু
৩০ আগস্ট পাকিস্তান-নেপাল মুলতান
৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্যান্ডি
২ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত ক্যান্ডি
৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান লাহোর
৪ সেপ্টেম্বর ভারত-নেপাল ক্যান্ডি
৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা লাহোর

সুপার-ফোর

৬ সেপ্টেম্বর এ১-বি২ লাহোর
৯ সেপ্টেম্বর বি১-বি২ কলম্বো
১০ সেপ্টেম্বর এ১-এ২ কলম্বো
১২ সেপ্টেম্বর এ২-বি১ কলম্বো
১৪ সেপ্টেম্বর এ১-বি১ কলম্বো
১৫ সেপ্টেম্বর এ২-বি২ কলম্বো

ফাইনাল

১৭ সেপ্টেম্বর সুপার ফোর ১-২ কলম্বো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights