বেরোবিতে ‘পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ব’ শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে রবিবার “পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে সেমিনার বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিত্য ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলা রাজশাহী সমন্বয়ক তন্ময় স্যান্যাল, রিসার্চ কর্মকর্তা রাইসুল হাসান প্রমুখ।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্বের ৮ম ঘনবসতি দেশ বাংলাদেশ। সমুদ্রের পানি এক মিটার উচ্চতায় এলে সমুদ্র উপকূলের জেলাগুলো ডুবে যাবে। ওই জেলার মানুষ যাবে কোথায়? বিশ্বজুড়ে পরিবেশবান্ধব উন্নয়ন ছাড়া উপায় নেই। পরিবেশ বিধ্বংসী কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়। যে উন্নয়নে পানি, বায়ু, মাটিকে বিষাক্ত করে এমন কোনো উন্নয়নকে উন্নয়ন বলা যাবে না।
